
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, ছাত্রজীবন থেকেই আমি রাজনীতি শুরু করেছি। ছাত্রজীবনে জেলও খেটেছি। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, সেই ’৭০ সাল থেকে বারবার আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছেন। এমনিভাবে বিরোধী দলের উপনেতা হয়েছি, ডেপুটি স্পিকার, স্পিকার হয়েছি ।
এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং পরে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছি। মন-মানসিকতার দিক থেকে আমার মধ্যে কোনো পরিবর্তন নেই। আজ বুধবার বিকালে মিঠামইন উপজেলা সদরে মুক্তিযোদ্ধা আ হক সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে তাকে প্রদত্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
রাষ্ট্রপতি বলেন, আমি ভুলিনি যে আমি একজন কৃষক পরিবারের সন্তান। শিকড়কে ভুলে গেলে মানুষ হওয়া যায় না। আমি কোনো সময় ক্ষমতার অপব্যবহার করিনি। আমার আত্মীয়-স্বজনরা এখনো অনেক গরিব রয়েছে। রাষ্ট্রপতি হলেই চাকরি দিতে হবে এমন কোনো কথা নেই। আমার চোখে সবাই সমান। তিনি বলেন, আমি সবসময় বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকে উর্ধ্বে তুলে ধরার চেষ্টা করেছি ।
মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সহিদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজওয়ান আহম্মেদ তৌফিক এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান সাজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, শরীফ কামাল, রইসউদ্দিন আহমেদ প্রমুখ। সন্ধ্যায় ‘রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটরিয়ামে’ তিনি গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেন ।