
নিউজ ডেস্কঃ মাওয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে পাটুরিয়া দৌলতদিয়ায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান,মাওয়া রুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।
এ রুটের বহু যানবাহন পাটুরিয়া হয়ে ফেরি পারের জন্য আসছে। ফলে,পাটুরিয়া রুটে বাড়তি যানবাহনের চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে বেশি। তবে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপারে সুযোগ দেয়া হচ্ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ জানান,মধ্যরাত থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাস ও জরুরী পণ্যবাহী ট্রাকের চাপ ছিল বেশি। সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করায় ফেরিঘাট এলাকায় আটকা পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক।