News71.com
 Bangladesh
 25 Sep 18, 05:29 AM
 172           
 0
 25 Sep 18, 05:29 AM

দলের শৃঙ্খলা ভঙ্গ করলে বরদাস্ত করা হবে না।। সোহেল তাজ  

দলের শৃঙ্খলা ভঙ্গ করলে বরদাস্ত করা হবে না।। সোহেল তাজ   

নিউজ ডেস্কঃ দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের একমাত্র সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, কেউ যদি কোনো কারণে দলের শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে তা বরদাস্ত করা হবে না। সে যেই হউক। আওয়ামী লীগ একটি পরিবার। এই পরিবারে অনেক সদস্য রয়েছে। এই পরিবারের নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ কখনোই গ্রহণযোগ্য নয়। গতকাল সোমবার গাজীপুরের কাপাসিয়া নিজ বাড়ি দরদরিয়া এলাকায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

সোহেল তাজ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করবো। মেঝো বোন সিমিন হোসেন রিমিকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। আমার পরিবার ও বাবা-মা'র পক্ষ থেকে আমরা দলের শৃঙ্খলা ঠিক রেখে রাজনীতি করার শিক্ষা পেয়েছি। তাজউদ্দীন আহমেদ বঙ্গবন্ধুর সাথে কোনো বেইমানি করেননি এবং দেশের জনগণের সাথেও কোনো বেইমানি করেননি। নিজের জীবন দিয়ে তা প্রমাণও করে গেছেন। তিনি ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারতেন। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ কষ্ট করে অর্জন করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে মাথায় রেখে আমাদের নিজ নিজ অবস্থানে থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। দল ক্ষমতায় থাকলে দলের নিজেদের ভিতরেই কিছু সমস্যার সৃষ্টি হয়। অতীতেও তা হয়েছে, ভবিষ্যতেও হবে। কিন্তু এই সমস্যাকে মোকাবেলা করতে হবে। জাতীয় নির্বাচনের মধ্যে আগামী নির্বাচন আরও অধিক গুরুত্বপূর্ণ জানিয়ে এ নির্বাচনে তাজউদ্দীন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমির সাথে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সোহেল তাজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন