News71.com
 Bangladesh
 19 Oct 17, 12:33 PM
 203           
 0
 19 Oct 17, 12:33 PM

আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া  

আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া   

নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে এক লাখ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামান এই জামিন মঞ্জুর করেন। এর আগে সোয়া ১১টার দিকে পুরান ঢাকার বকশী বাজারস্থ আদালতে হাজির হন খালেদা জিয়া। সকাল ১০টা ২৮ মিনিটে গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা দেন তিনি।


উল্লেখ্য চিকিৎসার জন্য দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন খালেদা জিয়া। এই সময়ে আদালতে গর হাজিরার কারনে দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এবং গত ১২ অক্টোবর মামলা দুটিতে খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একইসঙ্গে অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির কার্যক্রম শেষ করে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ঠিক করে দেন। আর চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি জেরার পর্যায়ে রয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন