
নিউজ ডেস্কঃ শেয়ারবাজারে নির্ধারিত সীমার অতিরিক্ত বিনিয়োগ অব্যাহত রাখায় সরকারি-বেসরকারি খাতের ৭ ব্যাংককে বড় অঙ্কের জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের পর গত বৃহস্পতিবার ব্যাংকগুলোকে জরিমানার সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি দেওয়া হয়। গতকাল রোববার বেশির ভাগ ব্যাংক এ চিঠি পেয়েছে। একই চিঠিতে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, শেয়ারবাজারে বিনিয়োগসীমার মধ্যে না আনলে জরিমানা অব্যাহত রাখা হবে।কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বেশির ভাগ ব্যাংককেই ১৭ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পত্র দেওয়ার ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের ‘সাধারণ হিসাব-প্রধান কার্যালয়’ খাতে জমা দিতে বলা হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ১০৯ (১১) ধারা অনুযায়ী এ জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক।জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা বলেন, সংশ্লিষ্ট বিভাগ থেকে তাঁকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, শেয়ারবাজারের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয় করতে ২০১৬ সালের ২১ জুলাই ব্যাংকগুলোকে বিশেষ সুযোগ দেওয়া হয়। ওই সময়ে ঋণকে সহযোগী প্রতিষ্ঠানের মূলধনে রূপান্তর করে শেয়ারবাজারে অতিরিক্ত ১ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের সুযোগ পায় ১৩ ব্যাংক। এসব ব্যাংকের ১ হাজার ৯৮৪ কোটি টাকার ঋণ হয়ে যায় সহযোগী প্রতিষ্ঠানের মূলধন, ফলে কমে যায় শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ। এতে একদিকে ব্যাংকগুলোর ঋণের চাপ কমে যায়, অন্যদিকে নতুন করে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি ওই বছরের ২১ জুলাইয়ের মধ্যে ব্যাংক কোম্পানি আইন মানার যে বাধ্যবাধকতা ছিল, তা-ও পরিপালিত হয়।