
নিউজ ডেস্কঃ তিন দিনের বাংলাদেশ সফর শেষে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা ছেড়েছেন ভারতের অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি। তাকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর বিশেষ প্লেন নয়াদিল্লির উদ্দেশে ঢাকার কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটি ছেড়ে যায় স্থানীয় সময় ৯ টা ১০ মিনিটে। এসময় তাকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিন দিনের এই বাংলাদেশ সফরে দুই অর্থমন্ত্রীর উপস্থিতিতে তৃতীয় দফার ঋণচুক্তি বাস্তবায়নে ভারত ও বাংলাদেশের মধ্যে ডলার লাইন অব ক্রেডিট চুক্তি সই হয়। বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার্থে দুই দেশের মধ্যে হওয়া চুক্তি নিয়ে যৌথ ব্যাখ্যামূলক নোট সমূহও স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য গত মঙ্গলবার দুপুরে ঢাকায় আসেন অরুণ জেটলি। বিমানঘাটিতে তাকে স্বাগত জানান বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তারা । এবারের সফরে অরুন জেটলি বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় অর্থায়নে গৃহিত প্রকল্পসমুহের কাজের অগ্রগতিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন। এছাডাও অরুণ জেটলি পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ ও ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ভারত সরকারের সামষ্টিক অর্থনৈতিক উদ্যোগ বিষয়েও বক্তব্য রাখেন।পরে দুই অর্থমন্ত্রী যৌথভাবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ক্যাশলেস ভিসা সার্ভিস পরিচালনার নতুন সেবা এবং এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা কার্যালয় উদ্বোধন করেন। ব্যস্ততার মাঝেও গতকাল সকালে সফররত ভারতীয় অর্থমন্ত্রী অরুন জেটলি ঢাকেশ্বরী মন্দিরে পুজো দিতে যান।