News71.com
 Bangladesh
 30 Sep 17, 10:51 AM
 193           
 0
 30 Sep 17, 10:51 AM

পবিত্র আশুরার শিক্ষা সকলের জীবনে প্রতিফলনের আহ্বান রাষ্ট্রপতির  

পবিত্র আশুরার শিক্ষা সকলের জীবনে প্রতিফলনের আহ্বান রাষ্ট্রপতির   

নিউজ ডেস্কঃ পবিত্র আশুরার মহান শিক্ষা সকলের জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পবিত্র আশুরা উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান। ১ অক্টোবর পবিত্র আশুরা পালিত হবে। রাষ্ট্রপতি বলেন, কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর আশুরার শাশ্বত বাণী আমাদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায়। পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, পবিত্র আশুরা সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকের দিন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হযরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.), তার পরিবারের সম্মানিত সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ এ দিনে বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালায় শহীদ হন। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাদের এই আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এখানে হানাহানি, হিংসা, বিদ্বেষ বা বিভেদের কোনো স্থান নেই। পবিত্র আশুরার এই দিনে সাম্য, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন রাষ্ট্রপতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন