
নিউজ ডেস্ক: মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শিশুদের জন্য ১৩শ’র অধিক স্কুল স্থাপন করবে ইউনিসেফ। বর্তমানে ইউনিসেফ কক্সবাজারের অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শিশুদের জন্য ১শ’ ৮২টি স্কুল পরিচালনা করছে এবং এতে ১৫শ’ মত শিশু শিক্ষা লাভ করছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়। আগামী বছরের মধ্যে পরিধি বৃদ্ধি করে ১৫শ’ থেকে ২ লাখ রোহিঙ্গা শিশুকে এই কার্যক্রমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা আছে ইউনিসেফের। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেডার বলেন, এই সংকটপূর্ণ সময়ে রোহিঙ্গা শিশুরা অনেক বেশি ভুক্তভোগী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই সময়ে তাদের নিরাপদ ও প্রাকৃতিক পরিবেশে শিক্ষার সুযোগ দেওয়া উচিত। তিতিন আরো বলেন, এখনই তাদের পর্যাপ্ত স্বাভাবিক জ্ঞানের প্রয়োজন, যাতে তারা তাদের ভবিষ্যত গড়তে পারে।
এই স্কুলগুলোতে ৪ থেকে ৬ বছরের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা এবং ৬ থেকে ১৪ বছরের শিশুদের জন্য অনানুষ্ঠানিক মৌলিক শিক্ষা দিচ্ছে। প্রতিদিন তিন শিফটে করে শিশুদের শিক্ষা দেওয়া হবে। এক এক শিফটে ৩৫ জন। প্রাথমিক পর্যায়ে চার থেকে ছয় বছর বয়সী শিশু এবং এরপরের ধাপে ছয়ের পর থেকে ১৪ বছর পর্যন্ত শিশুদের বিভিন্ন বিষয়ভিত্তিক জ্ঞান দেওয়া হবে। ভাষা হিসেবে তারা শিখবে, ইংরেজি ও বার্মিজ। আরও শিখবে অংক, বিজ্ঞান, ছবি আঁকা এবং সংগীত। এছাড়াও তাদের জন্য থাকবে মানসিক বিভিন্ন কাউন্সিলিং, স্বাস্থ্যবিধি শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। শিশুদের কলম, রঙিন পেন্সিল, স্কুল ব্যাগসহ অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ করা হবে। গত ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে কক্সবাজারে আসা রোহিঙ্গাদের এক-চতুর্থাংশের বেশি শিশু।