
নিউজ ডেস্কঃরোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত সভায় কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব জনমত বাংলাদেশের সঙ্গে আছে। রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। কূটনৈতিক প্রচেষ্টাতেই এ সমস্যা সমাধান করতে হবে। বাংলাদেশ সে প্রক্রিয়ায় অনেকখানি এগিয়ে গেছে। কূটনৈতিকভাবে বাংলাদেশ সফল হবে এবং মিয়ানমার রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নেবে। আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ‘রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান: সরকার, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গারা একবার বাংলাদেশে ঢুকে পড়লে আর ফিরে যেতে চায় না। এটা দীর্ঘদিনের প্রবণতা। বাংলাদেশ সরকার দুই হাজার একর জায়গা চিহ্নিত করেছে। কাঁটাতারের বেড়া দিয়ে রোহিঙ্গাদের সেখানে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, টেকনাফ ও উখিয়ার ক্যাম্প থেকে অনেক রোহিঙ্গা বের হওয়ার চেষ্টা করছে। তাদের আশ্রয়স্থল থেকে বাইরে না আসতে বলা হচ্ছে।সভায় বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, মাত্র ১৫ দিনের মধ্যে সাড়ে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এর জন্য বাংলাদেশ একেবারেই প্রস্তুত ছিল না। চার সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরে এখন প্রথম দিকে যেসব সমস্যা ছিল, সেগুলো কাটিয়ে ওঠা গেছে।আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের সঙ্গে আছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র পরিষ্কার ভাষায় বাংলাদেশের পক্ষে বলেছে। পৃথিবীর কোনো রাষ্ট্র বাংলাদেশের পদক্ষেপের সমালোচনা করেনি। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে অচিরেই মিয়ানমারের একজন মন্ত্রী বাংলাদেশে আসবেন।