
নিউজ ডেস্কঃ সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়েছেন এক যুবক। তার নাম সাদিকুল ইসলাম (২৪)। তিনি সরকারি তিতুমীর কলেজের বিবিএ’র অনিয়মিত শিক্ষার্থী। পেশায় গাড়ি চালক। আজ শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে কুড়িল বিশ্বরোডে রেলের লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির এএসআই রবিউল ইসলাম বলেন,চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
বিকালে কমলাপুর থেকে জয়দেবপুরগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি আসার সময় তিনি রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোন দিয়ে সেলফি তুলছিলেন। এ সময় তিনি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাদিকুল ইসলাম মোহাম্মদপুর থানাধীন ৪০/এ,রায়েরবাজারের বাড়িতে ভাড়া থাকতেন। ঢাকার দোহারে তার বাড়ি। তিনি গাড়ি চালানোর পাশাপাশি সরকারি তিতুমীর কলেজে বিবিএ বিভাগে অনিয়মিত শিক্ষার্থী হিসাবে অধ্যয়রত ছিলেন।