News71.com
 Bangladesh
 22 Sep 17, 10:33 AM
 163           
 0
 22 Sep 17, 10:33 AM

মানব ধ্বংস নয়- মানবকল্যাণ চাই, এটাই হোক সকলের লক্ষ্য ।। জাতিসংঘে দেয়া ভাষনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  

মানব ধ্বংস নয়- মানবকল্যাণ চাই, এটাই হোক সকলের লক্ষ্য ।। জাতিসংঘে দেয়া ভাষনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা   

নিউজ ডেস্কঃ আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা অর্থনৈতিক উন্নতি চাই, মানব ধ্বংস নয়, মানবকল্যাণ চাই।এটাই হোক আমাদের সকলের লক্ষ্য। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে ভাষণে বিশ্বের কাছে এই বার্তা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

অনতিবিলম্বে এবং চিরতরে মিয়ানমারে সহিংসতা ও ‘জাতিগত নিধন’ নিঃশর্তে বন্ধ করতে ৫ দফা প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আমার হৃদয় আজ দুঃখে ভারাক্রান্ত। কেননা আমার চোখে বারবার ভেসে উঠছে ক্ষুধার্ত, ভীত-সন্ত্রস্ত এবং নির্যাতিত রোহিঙ্গাদের মুখচ্ছবি।জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বৃহস্পতিবার নিউ ইর্য়কের স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এবারও জাতিসংঘে নিজের ১৪তম ভাষণ দেন মাতৃভাষা বাংলায়। তার এই ভাষণে যেমন বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেছেন, তেমনি প্রতিবেশী মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য সংকট ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন।

জাতিসংঘে দেয়া ভাষনে সন্ত্রাসবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তা মোকাবেলায় তিনটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রস্তাবে তিনি বলেন, সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে হবে। শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিবাদ মীমাংসা করতে হবে। অর্থ পাচার, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সঙ্ঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে সাইবার জগত থেকে উদ্ভূত হুমকি মোকাবিলা এখন জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।


তিনি আরও বলেছেন, সন্ত্রাসবাদ এবং সহিংস জঙ্গিবাদ শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য সবচেয়ে বড় হুমকি। একজন সন্ত্রাসীর কোনো ধর্ম, বর্ণ বা গোত্র নেই। আমি নিজে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছি। সে হিসেবে আমি সন্ত্রাসের শিকার মানুষের প্রতি আমার সহানুভূতি প্রকাশ করছি। আমি মনে করি তাঁদের সুরক্ষা দেওয়া প্রয়োজন। আমরা ধর্মের নামে যে কোনো সহিংস জঙ্গিবাদের নিন্দা জানাই। সহিংস জঙ্গিবাদ বিস্তার রোধে তৃণমূল পর্যায়ে আমরা পরিবার, নারী, যুবসমাজ, গণমাধ্যম এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন