
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,১৯৭১ সালে প্রতিবেশী দেশ ভারত আমাদের পাশে ছিল,এখনো আছে। যেকোনো দুঃসময়ে ভারত আমাদের পাশে থাকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে তাদের মাঝে ভারত সরকারের দেওয়া ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন,মিয়ানমার সরকারের মনোভাব আমরা এখনো বুঝতে পারছি না। ভারত যেন মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যেতে চাপ প্রয়োগ করে। তবে বিশ্বজনমত জোরদার হচ্ছে যে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে জাতিসংঘের বিশ্ব নেতাদের বক্তব্য শুনে আমরা খুব আশাবাদী।
এ সময় ভারতের দূতাবাস কর্মকর্তা অরুন্ধতী দাশ,সিনহা,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।