
নিউজ ডেস্কঃ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় গন্তব্য বলে বলেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আহ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মালয়েশিয়ান পণ্যের প্রদর্শনী ‘৫ম শোকেস মালয়েশিয়া-২০১৭’এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনের সহযোগিতায় বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এ প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনী আয়োজক কমিটির চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে নযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার ইদহাম জুহরী মোহামেদ ইউনুস,বিএমসিসিআই’র সভাপতি স্থপতি মোঃ আলমগীর জলিল ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ খান বক্তব্য রাখেন। শিল্পমন্ত্রী বলেন,দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য বিশেষ প্রণোদনা দেয়া হচ্ছে।
তিনি বলেন,এশিয়ার উদীয়মান দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। সহস্রারাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্যের পর বাংলাদেশ এখন জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হচ্ছে। আর্থসামাজিক উন্নয়নের অভিন্ন লক্ষ্য এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সহমতের ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। এ সম্পর্ক কাজে লাগিয়ে তিনি দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে হবে।