News71.com
 Bangladesh
 21 Sep 17, 10:40 AM
 159           
 0
 21 Sep 17, 10:40 AM

চোরের মন পুলিশ পুলিশ বলে আদালতে হাজিরা দিতে যান না খালেদা।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চোরের মন পুলিশ পুলিশ বলে আদালতে হাজিরা দিতে যান না খালেদা।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,খালেদা জিয়া যদি এতিমদের টাকা মেরে না খেয়ে থাকেন তাহলে আদালতে হাজিরা দিতে যান না কেন? তিনি যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে আদালতে গিয়ে তা মোকাবেলা করুক। পালিয়ে বেড়াবেন কেন? তিনি ১’শ ৪০ বার আদালতে সময় নিয়েছেন। ৩০বার শুধু আদালত বদল করেছেন। উনি আদালতে যেতে সাহস পান না,কারন চোরের মন পুলিশ পুলিশ। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাতে ম্যানহাটনের টাইমস স্কোয়ারের ম্যারিয়ট মারকুইস হোটেলের বলরুমে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,বিএনপি এবং জামায়াতের চরিত্রের কোন পরিবর্তন নেই। তাদের কাজই হচ্ছে মানুষ হত্যা,আগুন সন্ত্রাস। ২০১৪ সালের নির্বাচন ঠেকাতে গিয়ে তারা আগুন সন্ত্রাস করছে,পেট্রোল বোমা সন্ত্রাস করেছে। বাসে আগুন, দিয়েছে, ট্রেনে আগুন দিয়েছে, স্কুল পুড়িয়ে দিয়েছে, মসজিদ, মন্দিরেও বোমা মেরেছে। তিনি বলেন,বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,এগিয়ে যাবে। বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে এবং ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

প্রধানমন্ত্রী বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। আর বিএনপি যখনই ক্ষমতায় আসে দেশে দূর্নীতি,স্বজনপ্রীতি,অর্থপাচার ও লুটপাট বেড়ে যায়। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে অর্থ পাচারের দায়ে আদালত ৭ বছরের জেল এবং ২০ কোটি টাকা জরিমানা করেছে। তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকো কর্তৃক বিদেশে পাচার করা অর্থ আমরা সিঙ্গাপুর থেকে ফিরিয়ে এনেছি।

প্রধানমন্ত্রী বলেন,রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আরও আন্তর্জাতিক চাপ দিতে হবে। নির্যাতিত এই মানুষগুলো মিয়ানমারের নেত্রী অং সান সুচির দেশের। বিশ্বে মুসলিমরা মার খাওয়ার কারণ তাঁদের মধ্যে কোন ঐকমত্য নেই। বাংলাদেশের অনেক সংকট থাকার পরও মানবিক কারণেই আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কিন্তু মিয়ানমারকে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ করে তার দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। রোহিঙ্গাদের পক্ষে জনমত তৈরি করতেই তিনি এবার জাতিসংঘে এসেছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা আরও বলেন,বাংলাদেশ ধনী দেশ নয়,কিন্তু যদি আমরা ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারি, তাহলে আরও ৫ অথবা ৭ লাখ মানুষকেও খাওয়াতে পারব। আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে সতর্ক করে দেন প্রবাসী নেতাকর্মীদের। তিনি বলেন,আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। যে কারণে মানুষের ভালবাসা জয় করুন। তিনি বাংলাদেশে সমৃদ্ধির পথে চলমান প্রক্রিয়া ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। একই সাথে তিনি প্রবাসীদের পাঠানো রমিট্যান্স দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য তিনি প্রবাসীদেরকে অন্তরিকভাবে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বলেন,২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে এবং ২০৪১ সালের মধ্যে এশিয়ার সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ। প্রবাসী নাগরিক সংবর্ধনা' সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা আরো বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে বাংলাদেশ পরিচালিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি অর্জনে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়ন আর শান্তির মডেল হয়েছে। তিনি বলেন,মানবিকতার প্রশ্নেও সারা বিশ্বে প্রশংসার সঙ্গে বাংলাদেশের নাম উচ্চারণ করছে। আর এসব অর্জন সম্ভব হচ্ছে প্রবাসীদের অকুণ্ঠ সমর্থনের কারণে। আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন