News71.com
 Bangladesh
 16 Sep 17, 08:29 AM
 171           
 0
 16 Sep 17, 08:29 AM

রোহিঙ্গাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।।আইজিপি একেএম শহীদুল হক

রোহিঙ্গাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।।আইজিপি একেএম শহীদুল হক

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন,রোহিঙ্গা শরণার্থীরা যাতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য পথে পথে চেকপোস্ট বসানো,বাসে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন,জনগণের কাছে আহ্বান জানিয়েছি রোহিঙ্গাদের যেন কেউ বাসা বাড়িতে ভাড়া না দেয়,আশ্রয় না দেয়। তারপরও যদি তাদের কোথাও পাওয়া যায় তবে পুনরায় উখিয়া শরণার্থী ক্যাম্পে নেয়া হবে। আজ শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় টোক নয়নপুর এলাকায় পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গাদের কারণে সামাজিক সমস্যা উদ্ভব হতে পারে আশঙ্কা করে তিনি আরো বলেন,এক সঙ্গে অনেক লোক থাকলে সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে। তাদের যদি কর্মসংস্থান না থাকে,ছেলে-মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে সামাজিক ভারসাম্য বিনষ্ট হতে পারে। তবে রোহিঙ্গাদের মাধ্যমে যাতে অপরাধ সংঘটিত না হয় সেজন্য তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করবে।

তিনি আরো বলেন,শরণার্থী হিসেবে যেসব রোহিঙ্গা বাংলাদেশে এসেছে তাদের খাবার-দাবার ও বাসস্থানের ব্যবস্থা করছে সরকার। এজন্য তাদের আইডি কার্ড দেয়া হচ্ছে এবং ডাটাবেজ করা হচ্ছে। এর মাধ্যমে তারা সুযোগ সুবিধা ভোগ করবে। তবে তারা যেন সারা দেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য পথে চেকপোস্ট বসানো হয়েছে,পরিবহনে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। পরে পুলিশ মহাপরিদর্শক একে এম শহীদুল হক স্থানীয় শরীফ মমতাজউদ্দিন কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেন। এতে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন