
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,তার কাছে দাবি করার প্রয়োজন নেই। উন্নয়ন কীভাবে করতে হয় তা তিনি জানেন। প্রধানমন্ত্রী বলেন,আমরা সারাদেশের উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। সার্বিক উন্নয়নে কারও দাবি করার প্রয়োজন নাই। আমি জাতির পিতার মেয়ে,আমি জানি দেশের উন্নয়ন কিভাবে করতে হয়। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহীতে পবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে সন্ত্রাস,জঙ্গিবাদ,বাংলা ভাইয়ের জন্ম হয়। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়। এমনকি জনগণের টাকা,এতিমখানার টাকা- সে টাকাও তারা চুরি করে খায়।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন,বিএনপি সরকারের আমলে একজন মন্ত্রীর নিজের লাভের কারণে একটি মোবাইলের দাম ছিল এক লাখ ৩০ হাজার টাকা। তখন মোবাইলে কথা বলতে প্রতি মিনিটে খরচ হতো ১০ টাকা। আওয়ামী লীগ সরকার মোবাইলের দাম হাজার-বারশো টাকায় নামিয়ে এনেছে। এখন মানুষ সস্তায় কথা বলতে পারছেন। শেখ হাসিনা বলেন,তার লক্ষ্য-দেশে শান্তি,নিরাপত্তা নিশ্চিত করা। জাতির পিতার ক্ষুধামুক্ত,দারিদ্রমুক্ত দেশ গড়ার স্বপ্ন পূরণে তিনি কাজ করে যাচ্ছেন। তাই উত্তরবঙ্গে এখন আর কোনো মঙ্গা নেই। রাজশাহীর উন্নয়নে যা যা করা দরকার তার সবই করবে সরকার।
প্রধানমন্ত্রী বলেন,দেশে ১১০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছে তার সরকার। রাজশাহীতেও এই বিশেষ অর্থনৈতিক জোন স্থাপন হবে। ইতিমধ্যে সরকার এখানে আইটি পার্ক নির্মাণের কাজ শুরু করেছে। সেখানে কম্পিউটার,ল্যাপটসহ নানা ইলেকট্রনিক পণ্য উৎপাদন হবে। এ অঞ্চলের কৃষি নিয়ে আরও বেশি গবেষণা করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও সক্ষমতা বৃদ্ধি করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন,দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তার সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২০ প্রকারের ওষুধ বিনামূল্যে সরবরাহ করছে। বিনা পয়সায় দেওয়া হচ্ছে বই। দেশের এক কোটি ৭৩ লাখ শিক্ষার্থী এখন সরকারের বৃত্তি পাচ্ছে। এক কোটি ৩০ লাখ মায়ের মোবাইলে চলে যাচ্ছে বৃত্তির টাকা।
প্রধানমন্ত্রী তার ৩০ মিনিটের ভাষণে সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এই জনসভায়। ২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দুই মেয়াদে রাজশাহীর কী কী উন্নয়ন হয়েছে,তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আগামীতেও নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান। তিনি বলেন,দেশের উন্নয়ন চাইলে আওয়ামী লীগের প্রার্থীদেরই ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দিবে তার সরকার। ক্ষতিগ্রস্ত সড়কগুলোও দ্রুত মেরামত করা হবে। সেসব সড়ক সঠিকভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া কেউ যেন জঙ্গিবাদে জড়িয়ে পড়তে না পারে সে জন্য অভিভাবক,শিক্ষক ও মসজিদের ইমামদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পবা উপজেলার হরিয়ানে রাজশাহী চিনিকল মাঠে এ জনসভার আয়োজন করা হয়। পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরী,আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন,জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি,এমপি আয়েন উদ্দিন,এনামুল হক।