News71.com
 Bangladesh
 12 Sep 17, 10:24 AM
 195           
 0
 12 Sep 17, 10:24 AM

রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আসা ৩ লাখ রোহিঙ্গার ঠাঁই হচ্ছে সরকারের নতুন আশ্রয় কেন্দ্রে।।

রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আসা ৩ লাখ রোহিঙ্গার ঠাঁই হচ্ছে সরকারের নতুন আশ্রয় কেন্দ্রে।।

নিউজ ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা প্রায় ৩ লাখ রোহিঙ্গার ঠাঁই হচ্ছে কক্সবাজারের উখিয়ার বালুখালী ও কুতুপালংয়ের মধ্যবর্তী একটি স্থানে। এখানে বন বিভাগের প্রায় ২ হাজার একর পাহাড়ি ভূমিতে আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে। এই আশ্রয়শিবিরে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য পরিচয়পত্র দেবে সরকার। এই পরিচয়পত্র ছাড়া দেশি-বিদেশি কোনো সহায়তা পাবে না রোহিঙ্গারা। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আবদুর রহমান বলেন,রাখাইন রাজ্য থেকে নতুন আসা সব রোহিঙ্গাকে বালুখালীর ওই ‘সেফ জোনে রাখা হবে। সেখানে ২ হাজার একর জায়গার মধ্যে ৫০০ একর জায়গায় ইতিমধ্যে রোহিঙ্গা বসতি গড়ে উঠেছে। টেকনাফ,উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় ছড়িয়ে–ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের এনে বাকি ১ হাজার ৫০০ একর জায়গায় রাখা হবে। তিনি বলেন,সেখানে ৫ হাজার একরের মতো জমি আছে। রোহিঙ্গাদের এই আশ্রয়কেন্দ্রের চারদিকে কাঁটাতারের বেড়া দেওয়া হবে।

গতকাল সোমবার সকালে বালুখালীর ওই পাহাড়ে (যেখানে আশ্রয়কেন্দ্র হবে) গিয়ে দেখা যায়,কয়েক শ একর জায়গাজুড়ে বাঁশ আর পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে হাজারো ঝুপড়িঘর। সেখানে থাকছে অন্তত ৪০ হাজার রোহিঙ্গা। এ ছাড়া এই পাহাড়ের নিচে কক্সবাজার-টেকনাফ সড়কের দুই পাশে ঝুপড়ি তৈরি করে বসবাস শুরু করছে আরও কয়েক হাজার রোহিঙ্গা। সড়কের পাশের সামাজিক বনায়নের ভেতরেও পলিথিনের ঘর তুলে হাজারের মতো রোহিঙ্গা ঠাঁই নিয়েছে। গত শুক্র ও শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী টেকনাফ ও উখিয়ার একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এরপর নতুন আসা রোহিঙ্গাদের একসঙ্গে রাখার জন্য উখিয়ার বালুখালী এলাকার এই জায়গাটি ঠিক করা হয়।

বালুখালীর সড়কের পাশে ঝুপড়িঘর তৈরি করছেন মিয়ানমারের রাখাইন রাজ্যের লম্বাবিল এলাকা থেকে আসা মালকা বানু (৪৫)। তিনি বলেন,মা ও চার ছেলেমেয়ে নিয়ে ছয় দিন ধরে এই ঝুপড়িতে থাকছেন। পানির অভাবে এ পর্যন্ত গোসল করতে পারেননি। এক বেলা খাওয়া জুটলেও আরেক বেলা না খেয়ে থাকতে হচ্ছে। কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন বলেন,গ্রামগঞ্জে ঢুকে পড়া রোহিঙ্গারা বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করতে পারে। তাই দ্রুত তাদের বালুখালীর আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ছবিসহ তাদের জীবনবৃত্তান্ত সংগ্রহের পর রোহিঙ্গাদের পরিচয়পত্র দেওয়া হবে। খাবারসহ অন্যান্য সুবিধা ভোগ করতে হলে ওই পরিচয়পত্র লাগবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন