News71.com
 Bangladesh
 12 Sep 17, 12:17 PM
 201           
 0
 12 Sep 17, 12:17 PM

ষোড়শ সংশোধনী মামলায় আইনি পদক্ষেপে সরকার কামিয়াব হবে।। জাতীয় সংসদে আইনমন্ত্রী

ষোড়শ সংশোধনী মামলায় আইনি পদক্ষেপে সরকার কামিয়াব হবে।। জাতীয় সংসদে আইনমন্ত্রী


নিউজ ডেস্কঃ সংবিধানের ষোড়শ সংশোধনী মামলায় আইনি পদক্ষেপের মাধ্যমে সরকার কামিয়াব হবে বলে বিশ্বাস করেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জাতীয় সংসদে এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সম্পূরক প্রশ্নে ফখরুল ইমাম বলেন,হাইকোর্টে রায়ে বলা হয়েছিল,অকার্যকর সংসদ। হাইকোর্টের রায়ের দিন আইনমন্ত্রী বলেছিলেন,কিছুতেই এটা হতে পারে না। আমরা সুপ্রিম কোর্টে অবশ্যই জিতব। শেষের অবস্থান কী তা জানতে চান ফখরুল ইমাম।

জবাবে আইনমন্ত্রী বলেন,আমি এই সংসদে দাঁড়িয়ে বলেছিলাম,মামলার এক পক্ষ হিসেবে আমরা নিশ্চয় জিতব। রায় দেওয়ার মালিক হচ্ছেন আপিল বিভাগ। তারা সিদ্ধান্ত নিয়েছেন। আইনমন্ত্রী বলেন,আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনী মামলায় আমরা কামিয়াব হব;আমার বিশ্বাস। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট করেন।

চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৫ মে হাইকোর্টের তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ৪ জানুয়ারি আপিল করে। গত ৩ জুলাই আপিল বিভাগ রায়ের সংক্ষিপ্তসার ঘোষণা করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গত ১ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকে এ রায় ও পর্যবেক্ষণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক চলছে। সরকারপক্ষ বলছে,তারা এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন