
নিউজ ডেস্কঃ মিয়ানমারের রাখাইন প্রদেশকে নিরপেক্ষ এলাকা ঘোষণা করে অবিলম্বে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। বি চৌধুরী আজ সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে শিশু,নারী,বৃদ্ধা হত্যাসহ অসংখ্য নারীর ইজ্জত লুণ্ঠণ এবং লাখ লাখ মানুষের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনা গত দুই সপ্তাহ ধরে চলছে। এই নির্যাতিত রোহিঙ্গা মুসলমানরা প্রাণভয়ে বাংলাদেশের দিকে ছুটে আসছে,তাদের সমস্যার সমাধান করা বাংলাদেশসহ বিশ্বের সকল বিবেকবান দেশ ও মানুষের সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন,শান্তির জন্য নোবেল পুরস্কারপ্রাপ্ত অং সাং সুচি মনে হয় তার বিবেককে ঘুম পাড়িয়ে রেখেছেন। না হলে তিনি কেমন করে বলেন,রোহিঙ্গারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সুচি বললেন,রোহিঙ্গারা সন্ত্রাসী এই জন্যই সামরিক বাহিনীকে সুচি সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। অথচ বাস্তবতা হচ্ছে,পৃথিবীর কোনো দেশেই,কোনো জায়গাতেই একজন রোহিঙ্গা মুসলিম সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়েছেন,এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। তিনি বলেন,আমরা আশা করবো,সারা বিশ্ববিবেকের কাছে জাতিসংঘ রোহিঙ্গাদের রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে। জাতিসংঘ দ্রুত নির্যাতিত মানুষগুলির জান-মাল,ইজ্জত রক্ষার জন্য শান্তিরক্ষী বাহিনী প্রেরণ এবং রাখাইন প্রদেশকে নিরপেক্ষ এলাকা ঘোষণা করবে।