News71.com
 Bangladesh
 11 Sep 17, 06:31 AM
 165           
 0
 11 Sep 17, 06:31 AM

এমবিবিএসে ভর্তি পরীক্ষার্থীদের নম্বর কাটার বৈধতার নিয়ে দাখিলকৃত রিটের আদেশ আগামীকাল।।  

এমবিবিএসে ভর্তি পরীক্ষার্থীদের নম্বর কাটার বৈধতার নিয়ে দাখিলকৃত রিটের আদেশ আগামীকাল।।   

নিউজ ডেস্কঃ চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কেটে তালিকা তৈরির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর আদেশ আগামীকাল মঙ্গলবার। আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ শুনানি নিয়ে আদেশের এই দিন রাখেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার। ইউনুছ বলেন,শুনানি নিয়ে আদালত কাল আদেশের দিন ধার্য করেছেন।

রিট আবেদন থেকে জানা যায়,প্রথম বর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন (২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ) আহ্বান করে ২১ আগস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তির ৬ নম্বর প্যারায় বলা হয়,২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস বা বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধাতালিকা তৈরি করা হবে। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।

রিটে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মেধাতালিকা থেকে ৫ নম্বর কেটে নেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না,এ মর্মে রুল চাওয়া হয়েছে। পাশাপাশি ওই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক,পরিচালক (চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিবাদী রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন