
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ নির্দিষ্ট সময়ের আগেই মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারবে। ২০২১ সাল দারিদ্রমুক্ত দেশ ও মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। আজ রবিবার বিকেলে নান্দাইলের এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেছেন। বর্তমান সরকার সময়ে দেশের মানুষের মাথা পিছু আয় অনেক বেড়েছে এ কথা উল্লেখ করে তিনি বলেন,মাথাপিছু আয় এখন এক হাজার ৬৫৫ ডলারে এসে দাঁড়িয়েছে। আর এই ধারাবাহিকতায় ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে। এই জন্য উন্নয়ন অব্যাহত রাখতে মনোনিত প্রার্থীদের পুনরায় নির্বাচিত করতে হবে। মন্ত্রী আগত লোকজনের উদ্দেশ্যে বলেন,আপনারা বিএনপির জ্বালাও-পোড়াও রাজনীতির দিকে মুখ তুলে চাইয়েন না। তারা কেবল ধ্বংসের রাজনীতি লালন করে। মন্ত্রী মোশাররফ হোসেন নান্দাইল পৌরসভাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেন।
তিনি বলেন,ইতিমধ্যে ১২৫ কোটি টাকার উন্নয়ন হয়েছে। চলমান রয়েছে আরো সমপরিমান টাকা। এ ছাড়া আগামী নির্বাচনের আগে নান্দাইলের জন্যে ৪০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদিন খান। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ২ আসনের সাংসদ হাবিব ই মিল্লাত, ফুলপুর ২ আসনের মো. শরীফ আহমেদ,নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, মেয়র রফিক উদ্দিন ভূইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।