News71.com
 Bangladesh
 10 Sep 17, 10:26 AM
 170           
 0
 10 Sep 17, 10:26 AM

দেশে ৩ কোটি গ্রাহক মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করছেন' ।। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক  

দেশে ৩ কোটি গ্রাহক মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করছেন' ।। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক   

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে ৩ কোটি গ্রাহক মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করেছে। আগামী ২০২০ সালের মধ্যে এ সংখ্যা ১০ কোটিতে উন্নীত করা হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি ভাতাভোগীদের সম্পৃক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর ফলে এসব কর্মকাণ্ডে স্বচ্ছতা পরিলক্ষিত হবে । আজ রবিবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে মেঘনা ব্যাংকের ট্যাপ’এন পে মোবাইল ব্যাংকিং শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলক বলেন, প্রধানমন্ত্রী ২০১০ সালে বাংলাদেশ ব্যাংকে ন্যাশনাল পেমেন্ট সুইচ স্থাপন করেছেন দেশকে ডিজিটাল করার জন্য। এছাড়া দেশে ১২টি আইটি পার্ক স্থাপন করা হবে। এর মধ্যে রংপুরে ১৫৪ কোটি টাকা ব্যয়ে একটি আইটি পার্ক নির্মাণের অনুমোদন হয়েছে। এই পার্ক নির্মিত হলে ৫ হাজার বেকারের কর্মসংস্থান হবে ।

মোবাইল ব্যবহারের পরিসংখ্যান দেখিয়ে তিনি বলেন, দেশে ১০ কোটি মোবাইল ফোন ও ১৩ কোটি সিম ব্যবহার হচ্ছে। সাড়ে ৩ কোটি মানুষ ইন্টারনেট সুবিধা ব্যবহার করছে মোবাইল ফোনের মাধ্যমে। দিন দিন এর সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। বেগম রোকেয়া অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও স্থানীয় সংসদ সদস্য এইচএন আশিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ্, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ ও রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেঘনা ব্যাংক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোবিলিটি আই ট্যাপ পে (বাংলাদেশ) লিমিটেড’র চেয়ারম্যান জহির উদ্দিন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন