
নিউজ ডেস্কঃ নবম ওয়েজবোর্ডসহ শ্রমিক-কর্মচারীদের ১০ দফা দাবিতে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের মহাসমাবেশ ১১ অক্টোবর। জাতীয় প্রেসক্লাবের সামনে ওই দিন বেলা ১১টায় এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে আজ সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মহাসমাবেশ সফল করতে আজ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ইউনিয়ন কার্যালয়ে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে ও নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের বিষয়ে নেতৃবৃন্দ আলোচনা করেন।