
নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন,আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিচ্ছি। কিন্তু আমাদের সক্ষমতার একটা সীমা রয়েছে। আমাদের সামর্থ সীমিত। মানবিক দিক বিবেচনায় যতটুকু সম্ভব,ততটুকু করেছি। এই বোঁঝা বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়। বিশ্ববাসীর উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো। বাণিজ্যমন্ত্রী আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন,সুকির শান্তির নমুনা বিশ্ববাসী দেখেছে। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন হচ্ছে। আমার মায়ের বয়সী বৃদ্ধাকেও মিয়ানমারের নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য কোলে করে সীমান্ত পার করে এখানে নিয়ে আসা হচ্ছে। তিনি বলেন,কোমলমতি শিশুরা বাঁচার জন্য কাঁটাতারের বেড়া পার হয়ে দলে দলে আসছে। দৃশ্যগুলো সত্যিকার অর্থে মর্মান্তিক। আমরা যেভাবে আশ্রয় দিচ্ছি, মানবিক সাহায্য দিচ্ছি এভাবে যদি বিশ্বের অন্য দেশগুলো দুর্যোগকে ভাগাভাগি করে নিত,তবে তাদের দুর্ভোগ অনেক কমে যেত।
মালদ্বীপ মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। বাংলাদেশ এ রকম কিছু করবে কি না জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন,মালদ্বীপ ও মিয়ানমারের মধ্যে ভৌগোলিকভাবে যথেষ্ট দূরত্ব আছে। কিন্তু আমরা নিকট প্রতিবেশী। তাই আমাদের সাথে মিয়ানমারের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা সহজ নয়। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন,২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে এবং ৯০ দিনের মধ্যে যেকোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে। আগামী নির্বাচনে বিএনপি না এলেও নির্বাচন অনুষ্ঠিত হবে।