
নিউজ ডেস্কঃ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) মো. কামরুল আহসান তাকে স্বাগত জানান। এই সফরে রেতনো মারসুদি রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করবেন ।
বাংলাদেশে আসার আগে তিনি মিয়ানমার সফর করেন। সেখানে মুসলমান রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতা বন্ধের পদক্ষেপ নিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতি তিনি আহ্বান জানান। সফরে রেতনো মারসুদি প্রথমে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। পরে সন্ধ্যায় তিনি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। সংক্ষিপ্ত সফর শেষে আজ রাতেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ।