
নিউজ ডেস্কঃ রাজধানীর ২৮ হাজার মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য গতকাল রবিবার সন্ধ্যার মধ্যে অপসারণ করেছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। এর মধ্যে ১৮ হাজার মেট্রিক টন দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ১০ হাজার মেট্রিক টন উত্তর সিটি কর্পোরেশন অপসারণ করেছে বলে ২ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ সাংবাদিকদের জানিয়েছেন । তারা জানান, ঈদের দিনসহ মোট ৩দিন রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানি হওয়ায় সিটি কর্পোরেশন ঘোষিত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে শতভাগ পশু বর্জ্য অপসারণ সম্ভব হয়নি। তবে গতকাল রবিবার সন্ধ্যার মধ্যে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। আজ যেসব স্থানে কোরবানি হচ্ছে, তা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সাথে সাথেই অপসারণ করছেন ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল আজ সাংবাদিকদের বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রায় ২ লাখ ৭৫ হাজার পশু কোরবানি হয়েছে। এখানে প্রায় ১৮ হাজার মেট্রিক টন কোরবানির পশু বর্জ্য জমেছিল। ৩ হাজার ৫শ’ গাড়ির ট্রিপের মাধ্যমে এসব বর্জ্য অপসারণ করা হয় । তিনি বলেন, গতকাল সন্ধ্যার মধ্যেই দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। রাজধানীর অনেকেই গতকাল কোরবানি দিয়েছেন। ৩ দিন ব্যাপী কোরবানি হওয়ার কারণের ঘোষিত ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব হয়নি। বেশিরভাগ নাগরিক নির্ধারিত স্থানে তাদের পশু কোরবানি দিলেও অনেকেই বাড়ির সামনে বা রাস্তায় কোরবানি দেয়ায় বর্জ্য অপসারণ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে ভবিষ্যতে এসব ব্যাপারে নগরবাসীকে সচেতন করতে আরো বেশি উদ্যোগী হবো ।
উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেসবাহুল ইসলাম বলেন, ডিএনসিসি এলাকায় এবার প্রায় ২ লাখ ২১ হাজার পশু কোরবানি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সিটি কর্পোরেশন কোরবানির পশু বর্জ্য শতভাগ অপসারণ করতে সক্ষম হয়েছে। ঈদের পরদিন এবং আজ এই সিটি এলাকায় যেসব পশু কোরবানী হয়েছে এগুলোর বর্জ্য সাথে সাথেই পরিচ্ছন্নতাকর্মীরা অপসারণ করেছে ।ডিএনসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর আব্দুর রাজ্জাক আজ বলেন, নির্ধারিত ২৪ ঘণ্টা সময়ের মধ্যেই উত্তর সিটি কর্পোরেশনের শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, এই সিটিতে প্রায় ১০ হাজার মেট্রিক টন কোরবানির পশু বর্জ্য জমেছিল। যা সরাতে প্রায় ২ হাজার গাড়ির ট্রিপ প্রয়োজন হয় ।