News71.com
 Bangladesh
 04 Sep 17, 07:00 AM
 125           
 0
 04 Sep 17, 07:00 AM

অর্থনৈতিক মুক্তি অর্জনই এখন প্রধান লক্ষ্য।। স্থানীয় সরকার মন্ত্রী

অর্থনৈতিক মুক্তি অর্জনই এখন প্রধান লক্ষ্য।। স্থানীয় সরকার মন্ত্রী


নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন আমরা অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করছি। এ মুক্তি অর্জনই জাতির সামনে এখন প্রধান লক্ষ্য। আজ সোমবার সচিবালয়স্থ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানা সহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন,ঈদ-উল-আজহা ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ধর্মীয় উৎসব। ত্যাগের এই আদর্শকে ধারণ করে অর্থনৈতিক মুক্তি অর্জনে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন,আমরা এখন আর্থ-সামাজিক সকল সূচকে এগিয়ে যাচ্ছি। দেশে এখন শান্তি বিরাজ করছে। স্বাধীনতার বিগত ৪৬ বছর পর বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ সবচেয়ে ভাল অবস্থায় আছে। খন্দকার মোশাররফ হোসেন বলেন,এ মন্ত্রণালয়ের উপর জাতির উন্নয়নের গুরুদায়িত্ব রয়েছে। এ মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার ব্যবস্থায় সিটি কর্পোরেশন,জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে প্রায় ষাট হাজারেরও অধিক জনপ্রতিনিধি রয়েছেন।

শেখ হাসিনা ঘোষিত মধ্যম ও উন্নত আয়ের দেশে পরিণত হওয়ার মূল দায়িত্ব স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের হাতে। তাদের কর্মকান্ড সচল রাখতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। তিনি বলেন,এ মন্ত্রণালয়ের সেবা গ্রাম থেকে শহরে বসবাসকারী প্রতিটি মানুষ গ্রহণ করে। তাই আমাদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। এর আগে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানা মন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন। পরে মন্ত্রী কেক কেটে সবাইকে ঈদ শুভেচ্ছা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন