
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারা মুক্তি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুয়ালালামপুর হোটেল ডি পালমার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহর সভাপতিত্বে ও মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগরের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ূম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক প্রফেসর একে এম ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোশাররাফ হোসেন। আলোচনা সভায় মালয়েশিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সব সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।