News71.com
 Bangladesh
 04 Sep 17, 02:01 AM
 146           
 0
 04 Sep 17, 02:01 AM

আওয়ামীলীগ সাধারন সম্পাদকের দেওয়া সহায়ক সরকারের ব্যাখ্যা সঠিক নয় : মির্জা ফখরুল

আওয়ামীলীগ সাধারন সম্পাদকের দেওয়া সহায়ক সরকারের ব্যাখ্যা সঠিক নয় : মির্জা ফখরুল


নিউজ ডেস্ক : সহায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাখ্যা সঠিক নয় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন সহায়ক সরকার বলতে আমরা যেটা বলছি তা হলো সম্পূর্ণ দলনিরপেক্ষ সরকার থাকবে। নির্বাচনকালীন এ সরকার কাজ করবে।’ ফখরুল আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘সহায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের যে চিন্তা তার সঙ্গে বিএনপির প্রস্তাবিত সহায়ক সরকারের রুপরেখার কোন মিল নেই। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সরকারি দলের ওপর অন্যান্য রাজনৈতিক দলের বিশ্বাস এবং আস্থা থাকে না। ১৯৯৬ সালে নির্বাচনকালীন একটি সহায়ক সরকারের কথা তারাও বলেছিলেন। এবং সেই সরকারের অধীনে তিনটি নির্বাচনও হয়ে গেছে। জনগণ তা গ্রহণও করেছে।’

তিনি বলেন, ‘কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এবং একদলীয় শাসন করার জন্য ক্ষমতায় আসার পরে তা পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে। ২০১৪ সালের নির্বাচন তারা সেভাবে করেছে। এদেশের মানুষ সে নির্বাচন অংশগ্রহণ করেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন সংসদ সদস্যকে নির্বাচিত ঘোষণা করেছে। এজন্য এ সরকারের বৈধতাও নেই।’ বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এজন্য আমরা বলছি আলাপ-আলোচনার ভিত্তিতে সহায়ক সরকারের ব্যবস্থা করে, সব দল যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে; সেই ব্যবস্থা করেই আমরা আগামী নির্বাচনে যেতে চাই। আগামী নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণ হয়, আমরা সেটাই চাই।’


আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ বলছে সংবিধানের আলোকে নির্বাচন হবে। জনগণের কল্যাণে সংবিধান পরিবর্তন করা যায়। ১৯৯১ সালে সংবিধানকে স্থগিত রেখে পরিবর্তন করা হয়েছে। সুতরাং মানুষের জন্যই তো সংবিধান। বৃহত্তর জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন সংবিধান। তা পরিবর্তন করা যেতে পারে।’ কাদের সিদ্দিকী গুরুতর অসুস্থ জানিয়ে তার আশু রোগমুক্তি কামনা করেন বিএনপির মহাসচিব। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন