
নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। তবে তার আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে সংলাপ করবে প্রতিষ্ঠানটি। তারপরই সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ আইন চূড়ান্ত হবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ হওয়ার আগেই এ সংক্রান্ত বৈঠক করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। এখন নির্বাচন কমিশন বলছে সেটি ছিল প্রস্তুতিমূলক বৈঠক। অংশীজনদের সঙ্গে সংলাপ চলাকালেই গত ২৭ আগস্ট সীমানা পুনর্নির্ধারণ আইনের খসড়া তৈরি করেছেন এ সংক্রান্ত কমিটির সভাপতি নির্বাচন কমিশনার কবিতা খানম। এরপর তিনি সেটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ তিন কমিশনারের কাছে পাঠান। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় সমালোচনা শুরু হয়।
ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ রোববার বলেন, ‘সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনের খসড়া মূলত ১৯৭৬ সালের অর্ডিন্যান্স। এটি বাংলায় করে কমিশনের সভায় উপস্থাপন করা হয়েছিল। সব নির্বাচন কমিশনার দেখার পর একজন আইন বিশেষজ্ঞের মতামত নিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর সেটি সংসদে যাবে। তবে এর আগে বিএনপিসহ সব দলের মতামত নেয়া হবে।’
খসড়ায় ভোটার সংখ্যা, জনসংখ্যা, আয়তন এবং প্রশাসনিক সীমানা- এই চারটি বিষয়কে ভিত্তি ধরা হয়েছে। গ্রামীণ জনপদের সুবিধার্থে সেখানে আসন বাড়িয়ে শহরাঞ্চলে কমানোর চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন ইসির ভারপ্রাপ্ত সচিব। গত ৩১ আগস্ট সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইসির কঠোর সমালোচনা করে বলেন, ‘আগামী নির্বাচন ঘিরে যে সংলাপ চলছে, তা কেবলই আইওয়াশ। সিইসি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ করছেন না। তিনি মূলত প্রধানমন্ত্রীর হুকুম তামিল করছেন।’