
নিউজ ডেস্কঃ রাজধানীর আদাবরে মশিউর রহমান মশু নামের এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত মশিউর আদাবর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। জানা গেছে,গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে শেখেরটেক ১০ নম্বর সড়কে ছাত্রলীগ নেতা মশিউর রহমান মশুকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটায় হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরো জানান,রাতে ওই এলাকা দিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন মশিউর। এ সময় কয়েকজন রড ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। তিনি বলেন, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলাকারী কয়েকজনের নাম-পরিচয় পাওয়া গেছে।