
নিউজ ডেস্ক : গত বছরে সেপ্টেম্বরে ভারতে গ্রেফতার হয়েছেন জেএমবি সদস্য আনোয়ার হোসেন ফারুক ওরফে জামাই ফারুক। উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতে নাশকতার ছক তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভারতে বন্দী থাকা এ জঙ্গিকে ফেরত পেতে বাংলাদেশ তোড়জোড় শুরু করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি সূত্র দিয়ে এ খবর দিয়েছে ভারতের জনপ্রিয় বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা ।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদেন বলা হয়েছে, বাংলাদেশের হাতে থাকা হাবিল শেখ ওরফে হাবিবুর রহমানের বিনিময়ে জামাই ফারুককে ভারত ফেরত দিক- ‘এই শর্ত বাংলাদেশ প্রকারান্তরে দিতে পারে বলে ইঙ্গিত মিলেছে।’ হাবিলকে পেতে যাতে দু’দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি কার্যকর হয়, সেই জন্য সম্প্রতি তৎপর হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
জামাই ফারুকের বিরুদ্ধে শুক্রবার চার্জ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু তা হয়নি। সরকার আরও সময় চেয়েছে, চার্জ গঠনের পরবর্তী তারিখ ধার্য হয়েছে ২৫ অক্টোবর। বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দাদের একাংশ মনে করেন, ফারুকের বিরুদ্ধে কলকাতা পুলিশের রুজু করা মামলা তেমন জোরালো নয়। অথচ ত্রিশালে প্রিজন ভ্যানে গুলি করে ও গ্রেনেড হামলা চালিয়ে জেএমবির তিন নেতাকে ছাড়িয়ে নেয়ার মুল হোতা বলে ফারুককে মনে করা হয়। গত বছর জুলাই মাসে ফারুকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ চার্জশিটও দেয়।