
নিউজ ডেস্কঃ সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ নগরীর কোরবানির সব বর্জ্য অপসারণ করেছে বলে জানিয়েছে। নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যেই তারা এ কাজ সম্পন্নের দাবি করেছে। সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেন,আজ রোববার দুপুর ১২টার মধ্যে নগরী পরিচ্ছন্ন করার কথা জানিয়েছিল সিটি কর্পোরেশর। নির্ধারিত সময়ের আগেই সকাল ১১টার মধ্যেই পরিচ্ছন্নতা কাজ প্রায় শেষে হয়ে গেছে। এনামুল হাবিব বলেন,বাড়তি পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করে নগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর পরিচ্ছন্ন কাজ শেষ করে ব্লিচিং পাউডার ছিটনো হয়েছে। এখন অলিগলিতে পরিচ্ছন্নতা কাজ চলছে। বিকালের মধ্যে পুরো নগরীর পরিচ্ছন্ন কাজ শেষ হবে।
তিনি বলেন,সিলেট মহানগরীতে প্রতিদিন ২০০-২৫০ মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। কোরবানীর ঈদে তা বেড়ে দ্বিগুণ হয়ে গেলে দ্রুত বর্জ্য অপসারণ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল সিটি করপোরেশন। এনামুল বলেন,সিলেট নগরীতে গতকাল শনিবার ও আজ রোববার ১৫-১৬ হাজার পশু কোরবানি হয়েছে। গতকাল শনিবার সকাল থেকেই প্রায় এক হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী কাজ শুরু করেন। ৪০টি বর্জ্যবাহী ট্রাক এবং ১০টি পানির গাড়ি সার্বক্ষণিক কাজ করেছে।