
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে গতকাল কোরবানির ঈদের পর চামড়া সংগ্রহ করছেন ব্যবসায়ীরা। তারা ধারণা করছেন এবার চট্টগ্রাম থেকে সংগ্রহ হতে পারে সাড়ে পাঁচ লাখ পশুর চামড়া। মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ করে তা পাইকারদের কাছে বিক্রি করছেন। আজ শনিবার সকালে পাড়া-মহল্লায় পশু কোরবানির পর বেলা ১২টা থেকেই মৌসুমী চামড়া ব্যবসায়ীরা রিকশা ও ভ্যানে করে বাড়ি বাড়ি গিয়ে চামড়া কেনা শুরু করে। মৌসুমী ব্যবসায়ীরা বেশি দামে চামড়া কেনায় কয়েক হাত ঘুরে আড়তে পৌঁছাতে পৌঁছাতে সেই চামড়ার দাম সরকার নির্ধারিত দরের সীমা ছাড়িয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়।
চট্টগ্রাম সিটি করপোরেশন কাঁচা চামড়া ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সেকান্দর বলেন,চট্টগ্রামে এবার গত বছরের চেয়ে বেশি কোরবানি হয়েছে। গরু,ছাগল,ভেড়া ও মহিষ মিলিয়ে সাড়ে ৫ লাখ থেকে ৬ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা আছে আমাদের। কোরবানির পর দুপুরেই নগরীর বিভিন্ন এলাকার চামড়া চৌমুহনী মোড়ে নিয়ে আসেন মৌসুমী ব্যবসায়ীরা। চট্টগ্রামের চৌমুহনী এলাকার চামড়া ক্রেতা আনোয়ার হোসেন বলেন,বড় গরুর চামড়া সর্বোচ্চ ৮০০ এবং ছোট গরুর চামড়া ৪০০ টাকায় কিনছেন তারা।