
নিউজ ডেস্ক : বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে কেক কাটা নিয়ে কক্সবাজারের পেকুয়া উপজেলায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ গুরুতর আহত না হলেও পেকুয়া উপজেলা বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে পেকুয়া বাজারস্থ উপজেলা বিএনপি অফিসে এ ঘটনা ঘটে। এ সময় পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, দলের সিনিয়র নেতাকর্মীসহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দলটির দুগ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পেকুয়া বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঈদের কেনাকাটায় বাজারে ব্যস্ত থাকা প্রায় দুই হাজার মানুষ প্রাণ ভয়ে দ্রুত বাজার ত্যাগ করে। ব্যবসায়ীরা বন্ধ করে দেয় তাদের প্রতিষ্ঠান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পেকুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার সময় পেকুয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ রুবেল পেকুয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মুজিবুল হক চৌধুরীকে ধাক্কা দেয়।
এতে তিনি ছিটকে পড়লে উপস্থিত নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়। পরে ক্ষুব্ধ নেতাকর্মীদের গণধোলাইয়ের শিকার হন ইউসুফ রুবেল, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকিক মামুন, সাংস্কৃতিক সম্পাদক মো. এরশাদ ও যুগ্ম-সম্পাদক এটিএম জাহেদ। তারা সবাই ইউসুফ রুবেলের অনুসারী। তিনি আরও বলেন, এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মো. এরশাদ ও এটিএম জাহেদ উপজেলা ছাত্রদল থেকে বহিষ্কার হয়েছিলেন। তবে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কেক কাটার সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টির কথা স্বীকার করে বলেন, দলীয় মতানৈক্যের কারণে ঘটনাটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঈদের পরে বৈঠকের মাধ্যমে জড়িতদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।