
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে পিকআপে করে তিনটি গরু ও একটি খাসি ঢাকায় পাঠানোর সময় ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ ভোর চারটা দিকে এ ঘটনাটি ঘটেছে রাজধানীর মহাখালি ফ্লাইওভারের মুখ থেকে। এ ঘটনায় বনানী থানায় অভিযোগ দিলেও এখন পর্যন্ত পিকআপ ও কোরবানরি পশুগুলি উদ্ধার করতে পারেনি পুলিশ। নান্দাইল উপজেলার নান্দাইল রোড এলাকা থেকে রাজধানী ঢাকায় অবস্থানরত আত্মীয় স্বজনের বাড়িতে এলাকা থেকে কিনে পাঠিয়েছিলেন কাজী আতাউল করিম বাবুল ও শিক্ষক মো. আমিনুল ইসলাম আঞ্জু নামে দুই ব্যক্তি।
পিকআপটির চালক রাসেল মিয়া (২৫) ছিনতাই হওয়ার ঘটনা ওই দুইজনকে জানিয়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে রাসেল বলেন,তিনি বনানী থানায় এজাহার জমা দিয়েছেন। পুলিশ রাসেল মিয়াকে থানায় অপেক্ষা করতে বলেছে। শিক্ষক আমিনুল আঞ্জু জানান,তিনি নান্দাইলের পংকরহাটি গ্রামের বাসিন্দা। একই গ্রামের ট্রাক (নম্বর ঢাকা-মেট্রো ন ১৮-৫২৮০) চালক রাসেল মিয়া (২৫) তার পরিচিত। তিনটি গরু ও একটি খাসি ঢাকায় অবস্থানরত আত্মীয় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যে রাসেলকে ভাড়া করেন। গতকাল বৃহস্পতিবার রাতে পশুগুলো নিয়ে রাসেল ঢাকায় রওনা করেন। সকাল ১০ টার দিকে পশুসহ ট্রাকটি দুর্বত্তরা ছিনতাই করছে বলে মুঠোফোনে তাকে জানিয়েছেন রাসেল।
রাসেলের মুঠোফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করে ঘটনা সম্পর্কে তিনি বলেন,ভোর চারটার দিকে মহাখালি ফ্লাইওভারে কাছে পৌঁছার পর দশ জনের একটি দুর্বত্ত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ট্রাকের গতিরোধ করে সেটিতে উঠে পড়ে। একজন তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়। দুর্বত্তদের একজন ট্রাকটি চালিয়ে আগারগাঁও তালতলা এলাকায় নিয়ে তাদের তিনজনকে নামিয়ে দিয়ে পশুসহ ট্রাকটি নিয়ে চলে যায় বলে দাবী করছেন রাসেল। এ ঘটনায় লিখিত ও মৌখিকভাবে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন বনানী থানার ওসি ফরমান। তিনি বলেন,অভিযোগটি থানার সাবইন্সপেক্টর প্রেম দাসকে দেওয়া হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখা যাক কি করা যায়।