
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ ও এরশাদের সামরিক সরকার সুপরিকল্পিতভাবে বিএনপির অর্জনগুলো ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দায়ী করেছেন। ফখরুল বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই অর্জন এবং হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হবে।আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ এটাই যে, গণতন্ত্রকে পূনরুদ্ধার না করা পর্যন্ত আমরা ঘরে কখনো ফিরে যাবো না।’
শুক্রবার সকালে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আগে মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন।ফখরুল বলেন, ‘গুম-খুন এবং নির্যাতনের মাধ্যমে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দিচ্ছে। বর্তমানে দেশে জগদ্দল পাথরের মতো সরকার ক্ষমতায় বসে আছে।ফখরুল‘‘ আমরা বলতে চাই, বিএনপি সংগ্রাম করেছে ১/১১’র অবৈধ সরকারের বিরুদ্ধে, বিএনপি সংগ্রাম করছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। ইনশাল্লাহ জনগনের স্বতস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রকে পূনরুদ্ধার করবো এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ এটাই যে, গণতন্ত্রকে পূনরুদ্ধার না করা পর্যন্ত আমরা ঘরে কখনো ফিরে যাবো না।দেশের বর্তমান অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আজ মানুষের সমস্ত মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। জগদ্দল পাথরের মতো এই সরকার ক্ষমতায় বসে আছে। অঘোষিত এক দলীয় শাসন ব্যবস্থায় তারা সরকার পরিচালনা করছে।’
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘যথা সময়েই আপনারা সহায়ক সরকারের রূপরেখা পাবেন।’মিয়ানমার সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরে যে অত্যাচার, নির্যাতন চালাচ্ছে তা গণহত্যার শামিল বলে দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি অবিলম্বে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন বন্ধ করতে এবং তাদেরকে মিয়ানমার ফিরিয়ে নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করেন মির্জা ফখরুল।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানের মূল প্রবেশপথ পুলিশ সকাল থেকে বন্ধ করে দেয়। ফলে মিডিয়াসহ নেতা-কর্মীরা উদ্যোগের পেছনের সরু প্রবেশ পথ দিয়ে প্রবেশ করে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি, আমাদেরকে প্রধান ফটক দিয়ে আসতে দেয়া হয়নি, প্রবেশপথ বন্ধ করে রেখেছে। আমাদেরকে পেছন পথ দিয়ে আসতে হয়েছে। এবংকি সাংবাদিকদের ভাইদেরকে পর্যন্ত এই রাস্তা দিয়ে আসতে দেয়া হয়নি।’
এ সময় আরও উপস্থিত দলের ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, এজেড্এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, আবদুল মান্নান, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, কাজী মাজহারুল আনোয়ার, মাসুদ আহমেদ তালুকদার, আশরাফউদ্দিন উজ্জ্বল, মীর সরফত আলী সপু, অঙ্গসংগঠনের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, ইশতিয়াক আজিজ উলফাত, মুন্সি বজলুল বাসিত আনজু, কাজী আবুল বাশার, সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হেলাল খান, শায়রুল কবির খান, আকরামুল হাসান, আনোয়ার হোসাইন, নুরুল ইসলাম নাসিম, হাফেজ আবদুল মালেক প্রমূখ উপস্থিত ছিলেন।