
নিউজ ডেস্কঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক বর্জ্য (স্পেন্ট ফুয়েল) রাশিয়া ফেরত নিয়ে যাবে।বুধবার বাংলাদেশ ও রাশিয়া এ সংক্রান্ত আন্তঃসরকার চুক্তি (আইজিএ) সই করেছে। রাশিয়ার রাজধানী মস্কোতে এই চুক্তি হয়।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং রাশিয়ার পক্ষে স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক অ্যালেস্কেই লিখাশেভ এ চুক্তিতে সই করেন। এই চুক্তির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক বর্জ্য বাংলাদেশ থেকে রাশিয়া নিজ দেশে ফেরত নিয়ে যাবে। তারা এই বর্জ্য পুনঃপ্রক্রিয়াকরণ ও পুনঃপ্রক্রিয়াজাত পদার্থের ব্যবস্থাপনাসহ বর্জ্য সংরক্ষণ করবে।এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. সাইফুল হক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর এবং রোসাটমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৫ মার্চ ঢাকায় এ সংক্রান্ত একটি খসড়া চুক্তি অনুস্বাক্ষরিত হয়। পরে ৫ জুন এ খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ।এ বিষয়ে ইয়াফেস ওসমান বলেন, 'রূপপুর প্রকল্পের শুরু থেকেই বাংলাদেশ পারমাণবিক বর্জ্য রাশিয়ায় ফেরত পাঠানোর ওপর গুরুত্ব দিয়ে আসছে। এ বিষয়টি ২০১১ সালে স্বাক্ষরিত আজিএ'তেও উল্লেখ ছিল। নতুন আরেকটি আইজিএ স্বাক্ষরের মধ্য দিয়ে পারমাণবিক বর্জ্য রাশিয়ায় ফেরত পাঠানো নিশ্চিত হলো।' রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের সহযোগিতায় বাংলাদেশ আণবিক শক্তি কমিশন এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছে রশিয়ার অ্যাটোমসট্রয়এক্সপোর্ট। ভূমি উন্নয়ন অবকাঠামো নির্মাণ, নকশা প্রণয়ন এবং জরিপসহ বিভিন্ন প্রাথমিক কার্যক্রম শেষের পথে। মূল নির্মাণকাজ আসছে অক্টোবরে উদ্বোধনের কথা রয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। এর ৯০ শতাংশ অর্থ ঋণ হিসেবে সরবরাহ করবে রাশিয়া।