
নিউজ ডেস্কঃ ভাদ্র মাসের মাঝামাঝি এলেও বৃষ্টির রেশ কাটেনি বাংলাদেশের অনেক এলাকায়। মৌসুমী বায়ু দুর্বল অবস্থায় রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আর এতে করেই ঈদের দিনও বৃষ্টির আভাসের কথা বলছেন আবহাওয়া অধিদপ্তর। ঈদেরদিন সকালে বৃষ্টি হলে নামাজ ও কোরবানি দিতে সমস্যার কথাই বলেন সবাই। তবে ঈদের দিন বিকালে বৃষ্টি হলে পশু কোরবানির বর্জ্য ধুয়ে যায়। কিন্তু ঈদেরদিন ঘোরাঘুরিসহ সবটুকু আনন্দ যেন মাটি হয়ে যায়। তাই ঈদেরদিন বৃষ্টি কারোরই পছন্দ না। কিন্তু আবহাওয়ার ওপর যে আমাদের হাত নেই।
আবহাওয়া পরিস্থিতির খবর নিতে গিয়ে জানা যায়,আগামী কয়েকদিন রাজধানীতে দিনের যে কোনো সময় থেমে থেমে দুই-এক পশলা বৃষ্টি থাকতে পারে। চট্টগ্রামসহ ঊপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টি হবে। ২ সেপ্টেম্বরের আগাম আভাস জানালেও ‘সঠিকভাবে’ ঈদের দিনে আবহাওয়ার পূর্বাভাস আগামী শুক্রবার জানানো হবে বলে জানান আবহাওয়া অফিস। তবে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে ইতোমধ্যে জানানো হয়েছে।