
নিউজ ডেস্কঃ মহাসড়ক অমসৃণ থাকায় যানবাহনের ধীরগতি রয়েছে,তবে কোনো ধরনের যানজট নেই বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ কন্ট্রোল রুম উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক এসব কথা বলেন। শহীদুল হক বলেন,মহাসড়ক অমসৃণ থাকায় যানবাহনের ধীরগতি রয়েছে,তবে বড় ধরনের কোন সমস্যা নেই,যানজট নেই। ঘণ্টার পর ঘণ্টা মানুষ রাস্তায় থাকবে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি।
এসময় পুলিশ মহাপরিদর্শকের সাথে ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম,ডিআইজি (হাইওয়ে) মো. আতিকুল ইসলাম,অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী,গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। পুলিশ মহাপরিদর্শক বলেন,ঈদে আমাদের কাছে সুনির্দিষ্ট কোন হুমকি নেই,তবে সব ধরনের হুমকি (থ্রেট) মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। নিরাপত্তার স্বার্থে সবাইকে বাসের ছাদে ও ট্রাকে না উঠার আহ্বান জানান তিনি। শহীদুল হক বলেন,বাসের ছাদে ও ট্রাকে যাত্রী থাকলে পুলিশ তাদের নামিয়ে দিচ্ছে।