
নিউজ ডেস্কঃ প্রায় দুই ঘণ্টা ধরে যানজট লেগে আছে। ট্রাফিক পুলিশের দেখা নেই। ভোগান্তিতে অতিষ্ঠ অবস্থা যাত্রীদের। এ পরিস্থিতিতে এলাকার কয়েকজন যুবক যানজট নিরসন করতে গিয়ে ফেঁসে গেছেন। যানজট নিরসনের একপর্যায়ে রূপনগর থানার এসআই আজিজকে বহনকারী একটি মাইক্রোবাসের চালককে মারধর করার অভিযোগে তাঁদের থানায় নিয়ে যায় পুলিশ। তবে ওই যুবকদের দাবি,ওই গাড়িচালক এক যুবকের ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় সেই যুবককে লাঞ্ছিত করেন গাড়িচালক।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রূপনগর থানার শিয়ালবাড়ী মোড়ে। ওই পুলিশ কর্মকর্তা উল্টো পথে যাওয়ার সময় সেখানে যানজট নিরসনে দায়িত্বরত এক যুবকের ওপর গাড়ি (ঢাকা মেট্রো-চ-১৫-৮৭৬১) তুলে দেওয়া চেষ্টা এবং তাঁকে লাঞ্ছিত করার অভিযোগ তুলে যুবকরা এসআই আজিজকে ঘিরে ধরলে এ ঘটনা ঘটে। শেষ পর্যন্ত গাড়ি পিছিয়ে নিয়ে রক্ষা পান এসআই আজিজ। পরে রাত ৯টার দিকে রূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার যুবককে ধরে নিয়ে যায়। জানতে চাইলে রূপনগর থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন,এখানে পুলিশের একটি গাড়ির সঙ্গে থাক্কা লাগা নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আনা হয়েছিল। তারা ছাত্র। পরে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়। এখানে কোনো হামলা বা আটকের বিষয় নেই।