News71.com
 Bangladesh
 30 Aug 17, 10:12 AM
 189           
 0
 30 Aug 17, 10:12 AM

আজ আন্তর্জাতিক গুম দিবস , গত ১০ বছরে পাওয়া জায়নি ৩৯০ জনকে

আজ আন্তর্জাতিক গুম দিবস , গত ১০ বছরে পাওয়া জায়নি ৩৯০ জনকে


নিউজ ডেস্কঃ আজ আন্তর্জাতিক গুম দিবস । গত ২০০৬ সাল থেকে জাতিসংঘের তত্বাবধানে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে । মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী,বাংলাদেশে গত ১০ বছর সাত মাসে ৫৩৯ জন নিখোঁজ হয়। এর মধ্যে ৩৯০ জন আজও ফেরেনি। গত এক বছর সাত মাসে ১৪২ নিখোঁজ হয়। তাদের ৯০ জনের খোঁজ মেলেনি এখনো। বাকিদের মধ্যে ১৩ জনের মৃতদেহ পাওয়া গেছে,গ্রেপ্তার দেখানো হয়েছে ২৯ জনকে। বিএনপির দাবি,২০০৭ থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত তাদের দলের ২০২ নেতাকর্মী গুম হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে,অনেক পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় সংসারে চলছে চরম অনটন। মাঝেমধ্যে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার হয়। তবে সেই হত্যার ব্যাপারে কিছুই আর জানা যায় না। কেউ কেউ ফিরে এলেও উদ্ঘাটিত হয় না অপহরণ রহস্য। ভুক্তভোগী পরিবারগুলো বলছে—পুলিশ,র্যা বসহ অন্য সংস্থাগুলো এসব ঘটনার তদন্তই করে না।


মানবাধিকারকর্মী ও অপরাধ বিশ্লেষকরা বলছেন,নিখোঁজ ঘটনার সুরাহা না হওয়ায় সমাজে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে। এর ক্ষতিকর প্রভাব পড়ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর। লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের মাধ্যমে প্রতিটি ঘটনা তদন্তের সুপারিশ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এমন পরিস্থিতিতে আজ ৩০ আগস্ট বুধবার সারা বিশ্বে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম হওয়া থেকে সবার সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদ জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। ফলে গুমের হাত থেকে সুরক্ষা পাওয়ার অধিকারটি আন্তর্জাতিক আইনে পরিণত হয় এবং কাউকে গুম করা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি পায়। ২০১১ সাল থেকে ৩০ আগস্ট গুম হওয়া মানুষদের স্মরণ এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করা হচ্ছে বিশ্বব্যাপী। সনদ অনুযায়ী,নিখোঁজ ব্যক্তির হদিস পাওয়া না গেলে এবং সরকার,প্রশাসন বা প্রভাবশালীরা হত্যা করে মৃতদেহ লুকিয়ে ফেললে তা গুম বলে বিবেচিত হবে। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশেও গুম একটি আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন,অপহরণ কিংবা গুম মানবাধিকারের চরম লঙ্ঘন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াসহ এসব ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক এ ধরনের অপরাধ ঘটে থাকলে তা মোটেই গ্রহণযোগ্য নয়। এতে আইন-শৃঙ্খলা তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে। কমিশনের তথ্য মতে,চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গুম-অপহরণের শিকার ৫২ জন। গত সাত দিনে দুই ব্যবসায়ী ও এক ব্যাংক কর্মকর্তাকে গোয়েন্দা পরিচয়ে অপহরণের ঘটনা ঘটেছে। তাঁদের মধ্যে একজন ফিরে এসেছেন।

সম্প্রতি কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে কমিশনের অন্য সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত ফুল বেঞ্চ সভায় গুম ও অপহরণের অভিযোগগুলো নিয়ে আলোচনা হয়। সভায় কমিশন উদ্বেগ প্রকাশ করে। এরই মধ্যে বেশ কয়েকটি ঘটনায় কমিশন স্বতঃপ্রণোদিত অভিযোগ আমলে নিয়েছে। তবে নিখোঁজ বা গুমের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্প্রতি বলেন,গুম বলে কোনো শব্দ নেই। অনেকেই গুম হয়েছেন বলে তাঁদের স্বজনরা দাবি করেছিলেন। পরে দেখা গেছে তাঁদের অনেকে ফিরেও এসেছেন। অনেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তারের ভয়ে বা পুলিশের সঙ্গে মারামারি করে আত্মগোপনে চলে যান। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফিরেও আসেন। তাঁদের অনেকে গাঢাকা দিয়ে আছেন।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য মতে,চলতি বছরের সাত মাসে (৩১ জুলাই পর্যন্ত) নিখোঁজ হয়েছে ৪৫ জন। যাদের মধ্যে দুজনের লাশ পাওয়া যায়। গ্রেপ্তার দেখানো হয়েছে তিনজনকে। ফেরত এসেছে সাতজন। বাকি ৩৩ জন এখনো নিখোঁজ। গত বছর,২০১৬ সালে ৯৭ জন নিখোঁজ হওয়ার পর গুমের অভিযোগ ওঠে। এর মধ্যে ১১ জনের লাশ পাওয়া গেছে। ২৬ জনকে পরে গ্রেপ্তার দেখানো হয়। আর তিনজন ফিরে এলেও নিখোঁজ রহস্য উন্মোচিত হয়নি। বাকি ৫৭ জনের খোঁজ নেই এখনো। এই সংস্থাটির তথ্য মতে,২০১৫ সালে নিখোঁজ হয়েছে ৫৫ জন,যাঁদের আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ফেরত এসেছে পাঁচজন। এখনো নিখোঁজ ৩৫ জন। ২০১৪ সালে নিখোঁজ হয় ১০২ জন,যাদের ৮৮ জনই আজও বাড়ি ফেরেনি। ২০১৩ সালে ৫৮ জনের মধ্যে ৫৩ জন নিখোঁজ ছিল। ২০১২ সালে ৫৬ জনের মধ্যে ৩৪ জন; ২০১১ সালে ৫৯ জনের ৩৯ জন এবং ২০১০ সালে ৪৬ জন অপহৃতের মধ্যে ৩৩ জনকে খুঁজে পাওয়া যায়নি। এর আগে ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ২১ জন নিখোঁজ হয়,যাদের ১৮ জনের খোঁজ মেলেনি। এই হিসাবে ১০ বছর সাত মাসে ৫৩৯ নিখোঁজ ব্যক্তির মধ্যে ৩৯০ জন আজও ফেরেনি। তবে গতকাল আসকের এক বিবৃতিতে বলা হয়, ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৫৪০ জনকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৭৮ জনের লাশ পাওয়া গেছে। ৩৪৭ জন নিখোঁজ আছে। সংস্থাটির নির্বাহী পরিচালক শীপা হাফিজ বলেন,আসক মনে করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম, অপহরণ—মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন,যা মানুষের মনে আতঙ্ক ও উৎকণ্ঠার সৃষ্টি করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যদি গুমের অভিযোগ ওঠে তাহলে রাষ্ট্রকে অন্য সব অপরাধের মতো এটিও খতিয়ে দেখতে হবে। গুমসংক্রান্ত আন্তর্জাতিক সনদ ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’-এ বাংলাদেশের অনুস্বাক্ষরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আসকের সাবেক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন,গুম হলে তাদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের। আমাদের সবচেয়ে বড় দাবি—প্রশাসনের বিরুদ্ধে ওঠা নিখোঁজের ঘটনাগুলো স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করে তদন্ত করা হোক। সেই দাবি এখনো বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুলিশ ও অপরাধবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন,আমীমাংসিত অপরাধের ঘটনা অন্য অপরাধীদের উৎসাহিত করে। অর্থাৎ অপরাধপ্রবণতা বাড়ায়। অপরাধীরা ওই কৌশলকে বারবার বেছে নেয়। তাই নিখোঁজ হওয়ার প্রতিটি ঘটনার রহস্য উদ্ঘাটন হওয়া জরুরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন