
নিউজ ডেস্কঃ এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন,একটি বাড়ি একটি খামার প্রকল্পে কোন প্রকার গাফিলতি বা শৈথিল্যতা বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নপ্রসূত বিশেষায়িত এই প্রকল্প বাস্তবায়নে সকলকে আরো বেশি আন্তরিক হয়ে কাজ করতে হবে। তিনি আজ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর অধীনস্ত বিভিন্ন সংস্থার প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। সভায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানাসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মসিউর রহমান মিল্কভিটার বিভিন্ন প্ল্যান্ট নির্মাণের টেন্ডার প্রক্রিয়ার ধীরগতি ও সমন্বয়হীনতার কথা উল্লেখ করে বলেন,এ প্রক্রিয়া আরো স্বচ্ছ,গতিশীল ও জনকল্যাণমূখী করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সমবায়ীদের লাভজনক এই প্রতিষ্ঠান ‘মিল্ক ভিটা’ দেশে দুগ্ধ বিপ্লবের শুভ সূচনা করেছে। প্রতিমন্ত্রী পল্লী জনপদ প্রকল্পের নির্মাণ কাজ দৃশ্যমান করার নির্দেশনা দেন। তিনি প্রকল্প কাজের স্বচ্ছতা ও অপচয় রোধে ই-টেন্ডারিং ব্যবস্থা বজায় রাখা,শূন্য পদ দ্রুত পূরণ ও সমধর্মী এক বা একাধিক প্রকল্প গ্রহণ না করার নির্দেশনা দেন। ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানা বলেন,পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ দেশের প্রায় ৪ কোটি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি তথা জীবনমানোন্নয়নে কাজ করছে।