
নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি আজ বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে ই-সার্ভিস চালুর মাধ্যমে জাতি নতুন যুগে প্রবেশ করছে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে সাংবাদিকদের জন্য অনলাইন কোর্স- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এক্সেস টু ইনফরমেশন’ (এটুআই) এবং পিআইবি যৌথভাবে এ প্রোগামের আয়োজন করেছে।
মন্ত্রী বলেন, ‘ই-লার্নিং চালুর মাধ্যমে পিআইবি গণমাধ্যম বিষয়ক শিক্ষাকে সাংবাদিক ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সক্ষম জনগোষ্ঠির দোরগোড়ায় নিয়ে গেছে’। পর্যায়ক্রমে সবধরনের সরকারি পরিষেবা অনলাইনে পাওয়া যাবে উল্লেখ করে তিনি অনুষ্ঠানে বলেন, ‘সরকারি পরিষেবার জন্য জনগণকে কোথাও যেতে হবে না, এটা তাদের দোরগোড়ায়ই পাওয়া যাবে। ’ জমি রেজিস্ট্রেশনসহ বর্তমান সরকার প্রদত্ত বিভিন্ন অনলাইন সেবার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে এটা অন্যান্য ক্ষেত্রেও প্রসারিত হবে। ’
সময়ের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার জন্য সাংবাদিকদেরকে তাদের দক্ষতা বৃদ্ধি করা উচিত উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, শান্তিপূর্ণ পরিস্থিতিতে সাংবাদিকদেরকে নিজেদের মানবৃদ্ধির জন্য ‘অনলাইন ও নাগরিক সাংবাদিকদের’ সাথে প্রতিযোগিতা করতে হয়। সাংবাদিকদের রাজনৈতিকভাবে বিতর্কিত সাংবাদিকতা না করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আমরা দেশপ্রেমমূলক সাংবাদিকতা আশা করি, যা দেশে গণতন্ত্রকে শক্তিশালী করতে সহায়ক হবে।