
নিউজ ডেস্কঃ রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন,বাংলাদেশ রেলওয়ে এবার ঈদ যাত্রায় প্রতিদিন সর্বোচ্চ ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করবে। প্রতিদিন নির্দিষ্ট সময়েই ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে উল্লেখ করে তিনি বলেন,এ বছর ট্রেনের সিডিউল বিপর্যয়ের কোন আশঙ্কা নেই। মন্ত্রী আজ কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন,আরামদায়ক ও নিরাপদ হওয়ায় ট্রেনের প্রতি মানুষের আগ্রহ বেশি। এজন্য ঈদ উপলক্ষে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে,বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে,যাতে অধিক সংখ্যক যাত্রী পরিবহন করা যায়।
স্টেশন পরিদর্শনকালে তিনি ঘরমুখো ট্রেন যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। ট্রেনের ভিতরের পরিবেশ সম্পর্কে খোঁজ-খবর নেন। যাত্রীরা যাতে নিরাপত্তার সাথে ট্রেনে উঠতে পারে তার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন,আজ বিকাল ৩টা পর্যন্ত ৩০টি ট্রেন কমলাপুর ছেড়েছে,এর মধ্যে ২টি ট্রেনের কিছু দেরি হয়েছে। পরিদর্শনকালে রেলপথ পথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মোফাজ্জেল হোসেন,রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।