
নিউজ ডেস্কঃ শ্রমিকদের কল্যাণে বিশেষ দৃষ্টি দিতে গার্মেন্ট মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে পোশাক কারখানার মালিকদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন,আপনারা ব্যবসা করেন। আপনাদের প্রফিট অবশ্যই আপনারা নেবেন। শ্রমিকদের কল্যাণের দিকে দৃষ্টি দিয়েছেন;এটা অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনা বলেন,এরাইতো (শ্রমিক) আপনাদের কারখানা চালায়…আপনারা আজ যা কিছু উপার্জন করেন,তা এই শ্রমিকদের শ্রমের বিনিময়ে,সেই কথাটা সব সময় মনে রাখবেন,এটা আমার অনুরোধ।
তিনি শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং কোনো রকম উসকানিতে প্ররোচিত না হওয়ার পরামর্শ দেন শ্রমিকদের। তিনি বলেন,শ্রমিক ভাই-বোনদের বলব,যে প্রতিষ্ঠান আপনাদের রুটি-রুজির ব্যবস্থা করে,আপনাদের আহার ও বাসস্থানের ব্যবস্থা করে,সেই প্রতিষ্ঠানটা যাতে ভালোভাবে চলে,সে দায়িত্বটাও কিন্তু আপনাদের- শ্রমিকদের। প্রধানমন্ত্রী বলেন,এই প্রতিষ্ঠান থেকেই আপনি আপনার জীবন-জীবিকার সুযোগ পাচ্ছেন,আপনি অর্থ উপার্জন করছেন…সেটা যাতে ভালোভাবে চলতে পারে…অন্য কারও,বাইরের উসকানিতে যেন কোনোরকম দুর্ঘটনা সেখানে না ঘটে,সেটা বিশেষভাবে দেখতে হবে সবাইকে।