
নিউজ ডেস্কঃ সংবিধানের ষোড়শ সংশোধনীর বাতিল রায় নিয়ে সৃষ্ট বিতর্ক প্রশমনের আহবান জানিয়েছে সেক্টর কমান্ডারস্ ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ফোরামের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে. এম. সফিউল্লাহ বীর উত্তম (অব.) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আজ এক সভায় এ আহবান জানানো হয়।
সেক্টর কমান্ডারস্ ফোরামের নেতৃবৃন্দ বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা, তাঁরই রাজনৈতিক ও আদর্শিক নেতৃত্বে পাকিস্তানের শৃংখল থেকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তারা বলেন,যুদ্ধাপরাধী বিচারের প্রতিপক্ষ মহল এই রায়কে রাজনৈতিক হাতিয়ার বানাবার ফলে চলমান বিতর্ক আরও বেড়েছে। নেতৃবৃন্দ সকল মহলকে গঠনমূলক ভূমিকা পালনের আহবান জানান।