News71.com
 Bangladesh
 27 Aug 17, 06:14 AM
 173           
 0
 27 Aug 17, 06:14 AM

বাংলাদেশে গত সাড়ে ৫ বছরে ৫২০০ ধর্ষণ ।। আইন সালিশ কেন্দ্র

বাংলাদেশে গত সাড়ে ৫ বছরে ৫২০০ ধর্ষণ ।। আইন সালিশ কেন্দ্র

নিউজ ডেস্ক : সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা প্রায়ই ধর্ষণের ঘটনার নানা পরিসংখ্যান দিয়ে থাকে। তবে এই পরিসংখ্যানই চূড়ান্ত নয়। এর বাইরে বহু ঘটনা নজরে আসে না। ফলে আড়ালের ঘটনাগুলো আড়ালেই থেকে যায়। ধর্ষিতা এবং প্রতিপক্ষের সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক অবস্থানের তারতম্যের কারণে এসব ঘটনা সামনে আসে না।এমনকি মামলা পর্যন্তও গড়ায় না। আবার মামলা হলেও নানা কারণে পার পেয়ে যায় ধর্ষকরা। দেখা গেছে, গণমাধ্যম সরব হলেই কেবল ঘটনাগুলো সামনে আসছে। তবে যতটুকু গণমাধ্যমে প্রকাশ পায় সে চিত্রও ভয়াবহ। গত সাড়ে ৫ বছরে আইন ও সালিশ কেন্দ্র (আসক) সারাদেশে ধর্ষণের যে চিত্র তুলে ধরেছে তা রীতিমতো চমকে ওঠার মতো। তাদের দেয়া পরিসংখ্যানে দেখা যায়, গত সাড়ে ৫ বছরে দেশে ৫ হাজার ২৪৮টি ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটেছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (বিএমবিএস) বলছে, গত ৬ মাসে ১৪১ নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৪ জনকে আর গণধর্ষণের শিকার হয়েছেন ৪৩ নারী।

শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বলছে, চলতি বছরের প্রথম ৬ মাসে শুধুমাত্র শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ২৯৪টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ৪৬ জন শিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৮ শিশুকে আর ৩ জন শিশু ধর্ষণের পর আত্মহত্যা করেছে। এছাড়া ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে আরো ২৮ শিশু। সংশ্লিষ্টরা বলছেন, এ পরিসংখ্যান গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নির্ভর। এর বাইরের চিত্র আরো ভয়াবহ। সাড়ে ৫ বছরে গড়ে দিনে প্রায় ৩টি করে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই সময়ে ৩৭৩ নারী ও শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আর ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ৫৬ জন। সংস্থাটির দেয়া পরিসংখ্যানে দেখা যায়, ২০১২ সালে ১১৪৮ জন নারী ও শিশু ধর্ষণ-গণধর্ষণের শিকার হয়েছে, ৯৮ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ১৪ জন ধর্ষণের অপমাণ সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে। ২০১৩ সালে ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছে ৯৯৮ জন, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ৮৭ জন আর একই কারণে আত্মহত্যা করেছে ১৪ জন। ২০১৪ সালে ৭০৭ জন ধর্ষণ-গণধর্ষণের শিকার হয়েছে, ৬৮ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ১৩ নারী-শিশু ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। ২০১৫ সালে ধর্ষিত হয়েছে ৮৪৬ জন, খুন করা হয়েছে ৬০ ধর্ষিতাকে এবং আরো ২ জন আত্মহত্যা করেছে।

২০১৬ সালে ৭২৪ নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে, ৩৭ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং একই কারণে আত্মহত্যা করেছে ৮ জন। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের দেয়া পরিসংখ্যানে দেখা যায়, গত সাড়ে ৫ বছরে ১৭১৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ২০১২ সালে ৮৬, ২০১৩ সালে ১৭০, ২০১৪ সালে ১৯৯ জন শিশু ধর্ষিত হয়েছে। অতীতে সব রেকর্ড ছাড়িয়ে ২০১৫ সালে ৫২১ জন শিশু এই নৃশংসতার শিকার হয়েছে। গত বছর ধর্ষণের শিকার হয়েছে ৪৪৬ জন শিশু। আর চলতি বছরের প্রথম ৬ মাসেই শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ২৯৪টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ৪৬ জন শিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৮ শিশুকে আর ৩ জন শিশু ধর্ষণের পর আত্মহত্যা করেছে। এছাড়া ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে আরো ২৮ শিশু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন