News71.com
 Bangladesh
 27 Aug 17, 10:34 AM
 158           
 0
 27 Aug 17, 10:34 AM

আওয়ামী লীগ ষড়যন্ত্রে নয়, জনগণের রায়ে ক্ষমতায় এসেছে।।আবদুর রাজ্জাক

আওয়ামী লীগ ষড়যন্ত্রে নয়, জনগণের রায়ে ক্ষমতায় এসেছে।।আবদুর রাজ্জাক

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেছেন যাঁরা ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে স্বপ্ন দেখছেন, জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে ঢাকা সংসদীয়-১০ আসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আবদুর রাজ্জাক এ কথা বলেন। প্রধান অতিথি আবদুর রাজ্জাক বলেন,যাঁরা ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে স্বপ্ন দেখছেন,তাঁদের উদ্দেশে বলি,আমরা জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করব। তিনি আরও বলেন,আওয়ামী লীগ কখনো পর্দার আড়ালে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সব সময় জনগণকে সঙ্গে নিয়ে প্রগতিশীল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে,সরকার গঠন করেছে।

আবদুর রাজ্জাক বলেন,ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কিছু সুশীল সমাজের ব্যক্তি,যারা এ দেশের অসাংবিধানিক সরকার চায়,অশুভ পরিবেশ সৃষ্টি করতে চায়,অবৈধ পথে সরকার পরিচালনা করতে চায়,তাদের ভেতরে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আওয়ামী লীগের জনভিত ও গণভিত্তি অনেক শক্তিশালী,এ জন্য এ ইচ্ছা পূরণ হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন,প্রধান বিচারপতির উপলব্ধির জন্য তাঁকে ধন্যবাদ। তিনি বলেন,প্রধান বিচারপতি তাঁর বক্তব্য সাংবাদিকদের মিসকোট না করার আহ্বান জানিয়েছেন। এমন উপলব্ধির জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।

মাহবুব উল আলম হানিফ বলেন,তিনি (প্রধান বিচারপতি) বুঝতে পেরেছেন যে তাঁর বক্তব্যে সারা দেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বাধীনতার মীমাংসিত বিষয় নিয়ে তিনি যে কটাক্ষ করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে তিনি যে বিতর্ক সৃষ্টি করেছেন, এটা বাংলাদেশের মানুষ সহজভাবে নেয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে হানিফ বলেন, আপনি পড়েই এ রায়টিকে স্বাগত জানিয়েছেন। যদি সেটাই হয়,তাহলে তো এই পর্যবেক্ষণে জিয়াউর রহমানকে অবৈধ ক্ষমতার দখলদার বলা হয়েছে,তা আপনি স্বীকার করে নিয়েছেন। অবৈধ দলের কোনো নেতা-কর্মীর কাছে জাতি কোনো নসিহত শুনতে চায় না।

বিএনপি ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে উল্লেখ করে হানিফ বলেন,মির্জা ফখরুল সাহেব,এটা বিএনপি নয়,এটা আওয়ামী লীগ। এ আওয়ামী লীগ অনেক রক্তচক্ষু উপেক্ষা করে অনেক সামরিক শাসককে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়েছে। তাই এই আওয়ামী লীগকে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ঢাকা-১০ আসনের সাংসদ শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত,সাধারণ সম্পাদক শাহে আলম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন