
নিউজ ডেস্কঃ মানব পাচার,চোরাচালান ও আন্তর্জাতিক অপরাধসমূহ রোধে ব্যবসায়ী সম্প্রদায়কে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। অস্ট্রেলিয়ার পার্থে ‘বালি প্রসেস গভর্নমেন্ট ও বিজনেস ফোরাম’ আয়োজিত এক অনুষ্ঠানের বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। মাহমুদ আলী বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানব পাচার,চোরাচালান ও আন্তর্জাতিক অপরাধ কমিয়ে আনতে অন্যতম কার্যকরী ভূমিকা পালন করতে পারে ব্যবসায়ী সম্প্রদায়। এ অঞ্চলের আধুনিক দাসত্ব মোকাবেলায় ব্যবসায়ী মহল ও সরকারগুলোকে অংশীদারিত্ব ভিত্তিতে কাজ করতে হবে। আর এই লক্ষ্য নিয়েই আজ প্রতিষ্ঠিত হলো ‘বালি প্রসেস ব্যবসা ফোরাম,বলেন তিনি।
বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ও যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের মনোভাব তুলে ধরে এর প্রতিকারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। মানব পাচারের মূল কারণগুলো চিহ্নিত করে শ্রমিক চাহিদা ও সরবরাহ ব্যবস্থার সঠিক পরিচালনায় তিনি সরকার ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতার প্রস্তাব করেন। তিনি বলেন,এক্ষেত্রে বাংলাদেশের মনোভাব খুবই স্পষ্ট।